প্রেক্ষাপট
শিক্ষা মন্ত্রক একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)-কে একটি ‘ডিমড টু বি ইউনিভার্সিটি‘ (Deemed to be University) বা অনুমত বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করেছে । গত জানুয়ারি মাসে ইউনভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC)-এর একটি বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের ভিত্তিতে এই মর্যাদা প্রদান করা হলো ।
১. মূল বৈশিষ্ট্য এবং প্রভাব
- বর্ধিত ভূমিকা: এই নতুন মর্যাদার ফলে NCERT এখন থেকে শুধুমাত্র স্কুলের পাঠ্যক্রম তৈরির মাধ্যম হিসেবে নয়, বরং একটি উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ।
- ডিগ্রি প্রদানের ক্ষমতা: NCERT এবং এর ছয়টি আঞ্চলিক ইনস্টিটিউট এখন থেকে বিভিন্ন একাডেমিক কোর্স পরিচালনা করতে পারবে এবং নিজস্ব প্রোগ্রাম ডিজাইন করে স্নাতক (Undergraduate), স্নাতকোত্তর (Postgraduate) ও পিএইচডি (Doctoral) ডিগ্রি প্রদান করতে পারবে ।
- গবেষণায় গুরুত্ব: নির্দেশিকায় প্রতিষ্ঠানটিকে বিশেষভাবে ডক্টরাল প্রোগ্রাম বা পিএইচডি শুরু করতে এবং নতুন ও উদ্ভাবনী একাডেমিক ক্ষেত্রে গবেষণার বিস্তার ঘটাতে বলা হয়েছে ।
- আন্তর্জাতিক পরিধি: এই বিজ্ঞপ্তির ফলে NCERT এখন ভারতের বাইরে বা দেশের অন্য কোথাও অফ–ক্যাম্পাস বা অফশোর ক্যাম্পাস স্থাপন করতে পারবে, তবে সে ক্ষেত্রে UGC-এর নিয়মাবলী মেনে চলতে হবে ।
২. বাধ্যতামূলক নিয়ম ও শর্তাবলী
- UGC-এর নিয়মাবলী: সমস্ত একাডেমিক কোর্স অবশ্যই UGC এবং সংশ্লিষ্ট সংবিধিবদ্ধ সংস্থা বা কাউন্সিলের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হতে হবে ।
- অ–ব্যবসায়িক চরিত্র: NCERT-কে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কোনওভাবেই “ব্যবসায়িক” বা “মুনাফাভোগী“ কার্যকলাপে লিপ্ত হতে পারবে না ।
- অ্যাক্রিডিটেশন বা স্বীকৃতি: প্রতিষ্ঠানটিকে অবশ্যই ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC) থেকে স্বীকৃতি পেতে হবে এবং ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন থেকে প্রোগ্রামের রেটিং নিতে হবে ।
- NEP ২০২০–এর সাথে সামঞ্জস্য: ভবিষ্যতের সমস্ত সম্প্রসারণ এবং একাডেমিক কাজ অবশ্যই জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-এর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ।
৩. NCERT সম্পর্কে কিছু তথ্য
NCERT (১৯৬১) ভারত সরকারের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা স্কুল শিক্ষার মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্যকে পরামর্শ দেয় ।
প্রধান কার্যাবলী:
- স্কুল শিক্ষায় গবেষণাকে উৎসাহিত করা ।
- পাঠ্যবই, শেখার উপকরণ এবং ডিজিটাল কন্টেন্ট তৈরি করা ।
- শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ।
- উদ্ভাবনী শিক্ষা পদ্ধতি প্রচার করা ।
NCERT সংক্রান্ত সাম্প্রতিক বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিচের উক্তিগুলো বিবেচনা করো:
1. NCERT-কে "ডিমড-টু-বি-ইউনিভার্সিটি" বা অনুমত বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছে।
2. এটি এখন থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি প্রদান করতে পারবে।
3. এটি এখন UGC-এর সমস্ত নিয়মাবলী থেকে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত।
নিচের কোনটি সঠিক?
(a) 1 এবং 2 শুধুমাত্র
(b) 2 এবং 3 শুধুমাত্র
(c) 3 শুধুমাত্র
(d) 1, 2 এবং 3
উত্তর: (a) ১ এবং ২ শুধুমাত্র
ব্যাখ্যা:
• 1 নম্বর উক্তিটি সঠিক: শিক্ষা মন্ত্রক NCERT-কে অনুমত বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়েছে ।
• 2 নম্বর উক্তিটি সঠিক: নতুন মর্যাদার ফলে এটি নিজস্ব ডিগ্রি প্রদান করতে সক্ষম ।
• 3 নম্বর উক্তিটি ভুল: NCERT কিন্তু UGC-এর নিয়ম থেকে মুক্ত নয়। একে অবশ্যই UGC-এর মানদণ্ড ও নির্দেশিকা মেনে চলতে হবে ।