প্রেক্ষাপট
সম্প্রতি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI), ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা ২২ (৪) এর অধীনে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (PPBL)-এর ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করেছে, যা ২০শে এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে । গত কয়েক বছরে ক্রমাগত নিয়মের অবহেলা এবং তদারকি সংক্রান্ত উদ্বেগের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে । এছাড়াও, রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কটি বন্ধ করার জন্য (winding up) হাইকোর্টে আবেদন জানিয়েছে ।
নিয়ন্ত্রণ কাঠামো এবং RBI-এর ক্ষমতা
- ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯–এর ধারা ২২: এই ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক ভারতে ব্যাঙ্কিং কোম্পানিগুলোকে লাইসেন্স প্রদান এবং প্রয়োজনে তা বাতিল করার ক্ষমতা রাখে ।
- লাইসেন্স বাতিলের কারণ: যদি কোনো কোম্পানি ব্যাঙ্কিং ব্যবসা বন্ধ করে দেয় বা রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া শর্তাবলী পালনে ব্যর্থ হয়, তবে তাদের লাইসেন্স বাতিল করা যেতে পারে ।
- বন্ধ করার প্রক্রিয়া (Winding Up): সাধারণ কোম্পানির তুলনায় ব্যাঙ্কের অবসায়ন বা বন্ধ করার প্রক্রিয়াটি বিশেষ ধরনের। এতে হাইকোর্ট এবং একজন লিকুইডেটর (Liquidator) জড়িত থাকেন, যাতে আমানতকারীদের স্বার্থ সবার আগে দেখা হয় ।
- আমানত বীমা: ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলেও আমানতকারীরা আমানত বীমা ও ঋণ গ্যারান্টি কর্পোরেশন (DICGC) দ্বারা সুরক্ষিত থাকেন। এর ফলে প্রতি ব্যাঙ্কে আমানতকারী পিছু সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ পাওয়া যায় ।
ভারতে পেমেন্টস ব্যাঙ্ক (PBs)-এর নির্দেশিকা
আর্থিক অন্তর্ভুক্তিকরণ (Financial Inclusion) ত্বরান্বিত করতে নচিকেত মোর কমিটির সুপারিশের ভিত্তিতে পেমেন্টস ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল ।
১. মূল উদ্দেশ্যসমূহ
- প্রবাসী শ্রমিক, স্বল্প আয়ের পরিবার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ছোট সঞ্চয় অ্যাকাউন্ট এবং পেমেন্ট/রেমিট্যান্স পরিষেবা প্রদান করা ।
- একটি সুরক্ষিত প্রযুক্তি-চালিত পরিবেশে প্রচুর সংখ্যায় ছোট অংকের লেনদেন সম্পন্ন করা ।
২. বৈশিষ্ট্য এবং কাজের পরিধি
- নিবন্ধন: এটি কোম্পানি আইন, ২০১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত ।
- পরিচালনা: এই ব্যাঙ্কগুলো ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ দ্বারা পরিচালিত হয় ।
- আমানত গ্রহণ: তারা ডিমান্ড ডিপোজিট (সঞ্চয় এবং কারেন্ট অ্যাকাউন্ট) গ্রহণ করতে পারে । বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন ।
- ঋণ প্রদান নিষিদ্ধ: পেমেন্টস ব্যাঙ্কগুলি কোনোভাবেই ঋণ দেওয়ার কাজ করতে পারে না । তারা ক্রেডিট কার্ড দিতে পারে না বা কোনো ঋণ প্রদান করতে পারে না ।
- রেমিট্যান্স পরিষেবা: তারা অভ্যন্তরীণ অর্থ প্রেরণে সহায়তা করতে পারে এবং অন্যান্য ব্যাঙ্কের জন্য বিজনেস করেসপন্ডেন্ট (BC) হিসেবে কাজ করতে পারে ।
- কার্ড প্রদান: তারা এটিএম/ডেবিট কার্ড ইস্যু করতে পারে কিন্তু ক্রেডিট কার্ড নয় ।
৩. নিয়ন্ত্রণমূলক প্রয়োজনীয়তা
- নূন্যতম মূলধন: পেমেন্টস ব্যাঙ্কের নূন্যতম পরিশোধিত ইক্যুইটি মূলধন হতে হবে ১০০ কোটি টাকা ।
- মূলধন পর্যাপ্ততা অনুপাত (CAR): তাদের ঝুঁকি-ভারিত সম্পদের নূন্যতম ১৫% CAR বজায় রাখতে হবে ।
- বিধিবদ্ধ তারল্য অনুপাত (SLR): তাদের মোট ডিমান্ড ডিপোজিটের নূন্যতম ৭৫% সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বিলে বিনিয়োগ করতে হবে, যার মেয়াদ এক বছর পর্যন্ত ।
- নগদ সংরক্ষণের অনুপাত (CRR): পেমেন্টস ব্যাঙ্কগুলোকে রিজার্ভ ব্যাঙ্কের কাছে CRR বজায় রাখতে হয় ।
- এফডিআই (FDI) সীমা: এই ব্যাঙ্কগুলোতে সরাসরি বিদেশী বিনিয়োগের সীমা ৭৪% (অন্যান্য বেসরকারি ব্যাঙ্কের মতোই) ।
৪. সাম্প্রতিক ঘটনাবলী এবং নীতিগত নির্দেশিকা
- আমানতের সীমা বৃদ্ধি: গ্রাহকদের সুবিধা এবং ব্যাঙ্কের কার্যকারিতা বাড়াতে আমানতের সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে ।
- ইন্টারঅপারেবিলিটি: সমস্ত পেমেন্ট ব্যাঙ্ককে অবশ্যই UPI, IMPS এবং ATM নেটওয়ার্কের সাথে যুক্ত হতে হবে ।
- CBDC বা ডিজিটাল রুপি: খুচরা ব্যবহারের জন্য ডিজিটাল রুপি (e-₹) বিতরণে পেমেন্ট ব্যাঙ্কগুলোকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে ।
- অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর ফ্রেমওয়ার্ক: ডেটা-ভিত্তিক ঋণ সুবিধার জন্য পেমেন্ট ব্যাঙ্কগুলোকে এই কাঠামোর আওতায় আনা হচ্ছে ।
Q. পেমেন্টস ব্যাঙ্ক সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন:
1. পেমেন্টস ব্যাঙ্ক প্রতি গ্রাহক পিছু সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আমানত গ্রহণ করতে পারে ।
2. আর্থিক অন্তর্ভুক্তিকরণের জন্য পেমেন্টস ব্যাঙ্ক ঋণ প্রদান এবং ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে ।
3. পেমেন্টস ব্যাঙ্কগুলোকে তাদের আমানতের নূন্যতম ৭৫% সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করতে হয় যেগুলোর মেয়াদ এক বছর পর্যন্ত ।
উপরের কোন বিবৃতিগুলো সঠিক?
(a) 1 এবং 3
(b) 1 এবং 2
(c) 2 এবং 3
(d) 1, 2 এবং 3
উত্তর: (a) ব্যাখ্যা:
• বিবৃতি 1 সঠিক: ২০২১ সালের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্ক আমানতের সীমা বাড়িয়ে ২ লক্ষ টাকা করেছে ।
• বিবৃতি 2 ভুল: পেমেন্টস ব্যাঙ্ক কোনোভাবেই ঋণ দিতে পারে না বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না ।
• বিবৃতি 3 সঠিক: পেমেন্টস ব্যাঙ্ক যেহেতু ঋণ দিতে পারে না, তাই তাদের আমানতের ৭৫% SLR হিসেবে সরকারি সিকিউরিটিতে রাখতে হয় । বাকি ২৫% তারা অন্যান্য ব্যাঙ্কে জমা রাখতে পারে ।